ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নাম পরিচয়বিহীন এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে পিংক সিটি ১ নম্বর গেইট এলাকায় পাপিড়া বালুর মাঠ থেকে হাত-পা ও চোখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ হবে বলে পুলিশ জানায়। তার পরনে ছিল কালো জিন্সপ্যান্ট ও কালো শার্ট।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাথার পিছনে একটি গুলির চিহ্ন রয়েছে। অন্য কোন স্থানে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা লাশ বালুর মাঠে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/কেএমএস/১৪১৯ ঘ.
bdnews24