২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুদল গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে। এর মধ্যে ৬ জন গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

কুমিল্লা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে। এর মধ্যে ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে এলাকাবাসী কুমিল্লা নোয়াখালী-চাঁদপুর সড়কে রতনপুর বাজারের কাছে অবরোধ সৃষ্টি করে। এর ফলে রাস্তার দুই দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রতনপুর গ্রামের মনির হোসেন তার তিন ভাই ও বোনদের না জানিয়ে পৈত্রিক সম্পত্তি থেকে শিবপুর মৌজার ৫২ শতক জায়গা গোপনে মাঈনুদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। মাঈনুদ্দিন বৃহস্পতিবার ওই জমিতে মাটি ভরাট করতে গেলে মনিরের তিন ভাই গফুর, মতিন ও লিটন কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে গিয়ে বাঁধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে মাঈনুদ্দিনের পক্ষের রিপন, সবুর, শাহজাহান, হিরা ও শান্তসহ একদল লোক ওই তিন ভাই ও তাদের সঙ্গীদের ওপর হামলা চালায়। এই হামলাকে কেন্দ্র করে গ্রামবাসীও দুই পক্ষে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খোরশেদ, আম্বর আলী, আহাদ, ইব্রাহীম, শাহ আলম ও মিজান গুলিবিদ্ধ হয়। দায়ের কোপে আহত হয় জুয়েল, মিজান, আক্কাস ও শরীফ। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকুল বিশ্বাস জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৩৬ ঘ.