ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলের মৃত্যুর খবর শুনে অফিস থেকে বাসায় ফেরার পথে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা।
এস এ বারী (৪০) নামের ওই কর্মকর্তাকে তেজগাঁওয়ে বৃহস্পতিবার ভোরে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। তার বাসা শনির আখড়ায়। পথচারীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বারীর পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
একমাত্র ছেলে সামীর (৭) মৃত্যুর খবর পেয়ে তাড়াহুড়ো করে ৭২০/এ তেজগাঁওয়ে নিজ অফিস থেকে বের হওয়ার পর ছিনতাইকারীর কবলে পড়েন বারী। বুধবার রাতে তার অফিস ছিলো বলে জানান বারীর শ্যালক গিয়াস উদ্দিন।
"অফিস থেকে কিছু দূর যাওয়ার পর তিন ছিনতাইকারী পেটে ছুরি ঢুকিয়ে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।"
গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সামী ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিল। বারী অফিসে থাকা অবস্থায় বুধবার সামী মারা যায়। স্ত্রী সায়লা আক্তার লাভলী ফোনে বারীকে সামীর মৃত্যুর খবর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১২৮ ঘ.
bdnews24