২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ কখনো থামে না: সুনীল

কবি সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, মুক্তিযুদ্ধ কখনো থামে না। এর জন্য লড়াই করে যেতে হয়। অর্থনৈতিক শোষণ, দারিদ্র্য, কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, মুক্তিযুদ্ধ কখনো থামে না। এর জন্য লড়াই করে যেতে হয়। অর্থনৈতিক শোষণ, দারিদ্র্য, কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, "স্বাধীনতা অর্জনের পর তা রক্ষা করাটাই সবচেয়ে বড় লড়াই। বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলামরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারেন নি। তার আগেই তাদের চলে যেতে হয়েছে। "সুতরাং স্বাধীনতা পাওয়াটা বড় কথা নয়, রক্ষা করাই মূল বিষয়।" দুই বাংলার জনপ্রিয় এই লেখক বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর ডিসি হিলে তিনদিনব্যাপী স্বাধীনতা উৎসব ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। নিজে নৈরাশ্যবাদী নন দাবি করে সুনীল বলেন, "বাংলাদশের তরুণদের ঝলমলে মুখ আমাকে তাদের দেশপ্রেম নিয়ে আশাবাদী করে তোলে। পশ্চিম বাংলার তরুণদের চেয়ে এখানকার তরুণদের দেশপ্রেম অনেক বেশি। চট্টগ্রাম একাডেমী আয়োজিত এই উৎসব ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে নিজের লেখালেখি ও বাংলাদেশ সম্পর্কে তার অনুভূতি এভাবেই ব্যক্ত করেন জনপ্রিয় এই লেখক। বাংলাদেশে তিনি মাটির গন্ধ পান-এই অকপট স্বীকারোক্তি সুনীলের। তিনি বলেন, "এদেশের মানুষের ব্যবহার আমাকে টানে। তাদের সব নিমন্ত্রণ যেমন গ্রহণ করতে পারি না, তেমনি তা প্রত্যাখান করার স্পর্ধাও আমার নেই।" জনপ্রিয় এই ঔপন্যাসিক নিজের সম্পর্কে বলেন, জীবনে কখনোই চিন্তা করে কোনো কাজ করেন নি তিনি। "যা মনে আসে তাই লিখি। মরে যাবার পর লোকে আমার লেখা পড়বে, খুশি হবে তেমন আশা আমি কখনোই করি না"। এর আগে বইমেলা ও উৎসবের উদ্বোধন ঘোষণা করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, লেখক আমিনুর রশীদ কাদেরী, অধ্যক্ষ আনোয়ারা আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। উদ্বোধনী বক্তব্যে কাইয়ুম চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের কাঙ্খিত লক্ষ্য অর্থনৈতিক মুক্তি আসেনি, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, নতুন প্রজন্মকে বইমুখী করতে পারলে ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। তিনদিনের এই উৎসব ও মেলা চলবে শনিবার স্বাধীনতা দিবস পর্যন্ত। বইমেলায় ১২ টি স্টলে চট্টগ্রাম ও ঢাকার বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। তিনদিনের মেলায় প্রতিদিন আলোচনা ছাড়াও, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি ও লেখক আড্ডা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩০ ঘ.