২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের আচরণ বিলের প্রতিবেদন সংসদে উপস্থাপন

সংসদ সদস্যদের ক্ষমতার অপব্যবহার রোধ ও আচরণ নির্ধারণে 'সংসদ সদস্য আচরণ আইন, ২০১১' এর পঞ্চম প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যদের ক্ষমতার অপব্যবহার রোধ ও আচরণ নির্ধারণে 'সংসদ সদস্য আচরণ আইন, ২০১১' এর পঞ্চম প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু প্রতিবেদনটি উপস্থাপন করেন। সংসদ সদস্যরা যাতে নিজেদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবিচল থেকে তাদের সামগ্রিক কর্মকাণ্ড ও আচরণে অনুকরণীয় ও অনুসরণীয় চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটাতে সক্ষম হন, সে লক্ষ্যেই এ বিল আনা হয়েছে। গত বছরের ১৪ জানুয়ারি সংসদে বিলটি উত্থাপন করেন সরকার দলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী। বিলটি পাস হলে, সংসদ সদস্যরা ১০ হাজার টাকার মূল্যমানের বেশি কোনো উপঢৌকন বা সেবা নিতে পারবেন না। যদি নেন তাহলে নৈতিকতা কমিটিকে অবহিত করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এর আগে বিলটি উত্থাপনের সময় এ অর্থের পরিমাণ ছিল পাঁচ হাজার। পরে কমিটি তা বাড়িয়ে ১০ হাজার টাকা করে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, সংসদ সদস্যদের দায়িত্ব, কর্তব্যবোধ ও সামগ্রিক আচরণ একটি দেশের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। একটি দেশের কোনো সংসদ সদস্যের দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিফল ভোগ করতে হয় সেই দেশের জনগণকে। এর ফলে সৃষ্টি হয় নানাবিধ জটিলতা, রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে দেখা দেয় অস্থিরতা। এ ধরনের আচরণের ফলে অনেক ক্ষেত্রে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশংকাও থাকে। এ রকম অসংখ্য নজির বিভিন্ন রাষ্ট্রের সংসদীয় ইতিহাসে খুঁজে পাওয়া যায়। বিলে আরো বলা হয়েছে, মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। মানবিক গুণাবলীর বিকাশের মাধ্যমে একটি সুষ্ঠু, প্রগতিশীল ও যুক্তিবাদী সমাজ গড়ে তুলতে সংসদ সদস্যদের ইতিবাচক ভূমিকার কোনো বিকল্প নেই। এদিকে বিলটি নিয়ে আলোচনার সময় কমিটির সদস্যরা ভিন্নমত দিয়েছেন। প্রতিবেদন উপস্থাপনের সময় মতিন খসরু জানান, কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, ইকবালুর রহিম, আশিফা আশরাফি পাপিয়া সংসদ সদস্যদের জন্য কার্যপ্রণালী বিধির মতো একটি গাইডলাইন থাকায় সদস্যদের আচরণ নির্ধারণে কোনো আইনের প্রয়োজন নেই বলে অভিমত দেন। অপরদিকে কমিটির সদস্য আ স ম ফিরোজ রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং এ বিষয়ে সবাই একমত হলে সংসদ সদস্য আচরণ সংক্রান্ত বিল পাসে সুপারিশের অভিমত দেন। এছাড়া কমিটির সদস্য আবদুল হাই, জুনাইদ আহমেদ পলক ও হাফিজ আহমেদ মজুমদার বিলের পক্ষে মতামত দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচএসি/এইচএ/১৮১৮ ঘ.