ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম জয়নুল আবেদীন (২৮)। তিনি ছিলেন ওই ভবনটির নির্মাতা প্রতিষ্ঠানের ফোরম্যান। তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। ঢাকায় থাকতেন আদাবর এলাকায়।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পশ্চিম তেজতুরি বাজারের ওই নির্মাণাধীন ভবনের চতুর্থ তলা থেকে জয়নুলের মৃতদেহ উদ্ধার করা হয়।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়জুর রহমান বলেন, "জয়নুলকে বুধবার রাতের কোনো এক সময় ছুরি মেরে খুন করা হয়েছে। শ্রমিকদের মধ্যে কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।"
জয়নুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএন/জেকে/১৬৫২ ঘ.
bdnews24