২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৭২ সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে: সুরঞ্জিত

সংবিধান সঙ্কটের মধ্য দিয়ে দেশ চলছে- বিরোধী দলের এমন অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাহাত্তরের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সঙ্কটের মধ্য দিয়ে দেশ চলছে- বিরোধী দলের এমন অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাহাত্তরের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, "হাইকোর্ট সামরিক সরকারের সব ফরমান বাতিল করেছে। যার ফলে দেশে এখন বাহাত্তরের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে।" আওয়ামী লীগের এই সংসদ সদস্য সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যানও। 'দেশে সংবিধানের সঙ্কট চলছে'- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এ বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, "উনি যে বক্তব্য দিয়েছেন তা দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক, চরমপন্থী বক্তব্য।" "সংবিধান না থাকলে আপনি বিরোধীদলীয় নেতা হলেন কী করে? আপনার গাড়িতে পতাকা থাকে কীভাবে। সংবিধান না থাকলে আপনি পতাকা উত্তোলন করতে পারতেন না", বলেন তিনি। সংবিধান সংশোধনে গঠিত কমিটি উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে রাতদিন কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, "শিগগির সংশোধিত সংবিধান সংসদে পাস করা হবে।" বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াছ বিন হেলালী, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক, বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। পরিষদের সভাপতি আব্দুল হক সবুজ এতে সভাপতিত্ব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এমআই/১৫৪০ ঘ.