ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক চার দিনের সফরে ঢাকায় এসেছেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে পৌঁছান তিনি। শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
শনিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিতে ভুটানের রাজাকে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শুরুতেই বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান।
বিকালে রাজা নামগিলের সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। সেখানে ফুল দিয়ে স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বাংলাদেশিদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
একইদিনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
সফরকালে ভুটানি রাজা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, রায়েরবাজার বধ্যভূমি এবং মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন।
শনিবার স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজা নামগিলও থাকবেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24