ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের নির্বাচন কমিশনকে (ইসি) করিগরি সহায়তা দিতে পাঁচবছর মেয়াদি একটি চুক্তি করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি।
বুধবার রাজধানীতে এনইসি সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক ও ইউএনপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার এ চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, ইসির স্থানীয় পর্যায়ে পেশাগত ও প্রতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় করিগরি সহায়তা দেবে ইউএনডিপি।
অন্যদের মধ্যে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১১ এপ্রিল থেকে ২০১৬ মার্চ পর্যন্ত পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩৭ কোটি টাকা। ইউএনপি, ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএইড ও ডিএফআইডি এ প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার বলেন, এ প্রকল্পের আওতায় প্রথম তিন বছর নির্বাচনী কাজের সংস্কার ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনাসহ নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করা হবে।
নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, "এ প্রকল্পের বাস্তবায়ন হলে নির্বাচন কমিশন স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আরো এক ধাপ এগিয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২১০২ ঘ.
bdnews24