গাজীপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি ও ডাকাতির স্বর্ণ রাখার অভিযোগে মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া ও সদর উপজেলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে রয়েছেন কাপাসিয়ায় চার 'ডাকাত' এবং সদরে এক স্বর্ণ ব্যবসায়ী।
গাজীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মদন মোহন বণিক সাংবাদিকদের বলেন, ১২ মার্চ রাতে কাপাসিয়ার সরসপুর গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে ডাকাতরা ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার লুটে নেয়।
১৪ মার্চ কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার দিনে ও রাতে কাপাসিয়ার বিভিন্ন এলাকা থেকে ডাকাতিতে জড়িত সন্দেহে চারজন এবং সদর উপজেলার কুনিয়া পাছর থেকে ডাকাতির স্বর্ণালঙ্কার রাখার অভিযোগে 'বিসমিল্লাহ জুয়েলার্সের' মালিক মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়, বলেন পুলিশ কর্মকর্তা।
ইউসুফের দোকান থেকে ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান মদন মোহন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫২ ঘ.
bdnews24