২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানা ও দোকানে আগুন

গাজীপুরে বুধবার দু'টি প্রতিষ্ঠানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

গাজীপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বুধবার দু'টি প্রতিষ্ঠানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে কালিয়াকৈর উপজেলার মৌচাকে একটি তৈরি পোশাক কারখানা এবং বাড়ৈপাড়ায় একটি দোকোনে আগুন লাগে। গাজীপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ সাংবাদিকদের বলেন, মৌচাক এলাকার 'সাদ্মা ফ্যাশন লিমিটেড' এর ডায়িং সেকশনে দুপুরে আগুনে কারখানার টিনশেড বিল্ডিংয়ের কাপড় শুকানোর মেশিন (স্টারলিন) পুড়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করছে। দমকলের সদস্যরা যাওয়ার আগে কারাখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে বলে জানান তিনি। অতিরিক্ত তাপে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে, বাড়ৈপাড়ায় ইসলাম মার্কেটের পঞ্চম তলার 'ইনসাফ মেগাসপ' নামের একটি দোকোনে ভোরে আগুন লাগে। কালিয়াকৈর দমকল বাহিনীর কর্মকর্তা আব্দুস সামাদ সাংবাদিকদের বলেন, কালিয়াকৈর ও সাভার দমকলের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকানের মালিক দাবি করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২০ ঘ.