চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হালিশহর সিডিএ আবাসিক এলাকায় সন্তান হত্যার অভিযোগে সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বেলা ১২টার দিকে হালিশহর আবাসিক এলাকার এ ব্লকের ১ নম্বর সড়কের ১৫ নম্বর লেইনের বাড়ি থেকে আবদুল্লাহ আল মাশরুর (১২) নামের শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
মাশরুরকে তার সৎ মা তাসফিয়া ছফা কুমকুম হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে- জানিয়েছেন ডবলমুরিং অঞ্চলের সহকারি কমিশনার (এসি) তানভীর আরাফাত এবং হালিশহর থানার ওসি প্রদীপ কুমার দাশ।
তারা জানান, ঘটনাস্থল থেকে কুমকুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাশরুরের বাবা আবদুল্লাহ আল মামুন রাঙ্গামাটি মহিলা কলেজের শিক্ষক। ২০০৮ সালে কুমকুমকে বিয়ে করার পর মাশরুরের মায়ের সঙ্গে ছাড়াছাড়ি হয় মামুনের। কুমকুমের এক বছর নয়মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির ভাড়াটিয়ারা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বাসার প্রথম কক্ষের বিছানার ওপর থেকে মাশরুরের লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
মাশরুরের শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে তানভীর বলেন, লাশের মুখে ভাত লেগে ছিল। বিছানার ওপর ভাতের প্লেট এবং পানির গ্লাসও পেয়েছি।
"মঙ্গলবার সকালে কুমকুম ঘরের বাইরে থেকে তালা আটকে চলে যান। এ সময় তিনি ভাড়াটিয়াদের বলে যান তিনি দু-তিন দিন পর ফিরবেন। ভাড়াটিয়াদের সন্দেহ হওয়ায় বুধবার সকালে তারা স্থানীয় থানায় খবর দেয়।"
পুলিশ জানায়, মাশরুরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে অথবা ভাতে বিষ মেশানোও থাকতে পারে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পর কুমকুম বাড়িতে পৌঁছান বলে জানায় পুলিশ।
রাঙামাটিতে অবস্থানরত আবদুল্লাহ আল মামুনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে জানিয়ে তানভীর আরাফাত বলেন, তিনি বলেছেন কুমকুম মাশরুরকে নিয়মিত মারধর করত।
মাশরুর ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তবে সে কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী তা জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/পিডি/১৮২০ ঘ.
bdnews24