২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ বাবার ভ্যানে সংসারের চাকা ঘুরাচ্ছে শিশু শাকিলা

যাত্রীরা প্রথমে একটু সংশয়ের চোখে তাকায়। কেউ কেউ আপাদমস্তক মাপে। তাদের বিশ্বাস হয় না, এই টুকুন চালক তাদের কি বয়ে নিয়ে যেতে পারবে। তবে শাকিলা ঠিকই নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

সাইফুল আলম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি পঞ্চগড়, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীরা প্রথমে একটু সংশয়ের চোখে তাকায়। কেউ কেউ আপাদমস্তক মাপে। তাদের বিশ্বাস হয় না, এই টুকুন চালক তাদের কি বয়ে নিয়ে যেতে পারবে। তবে শাকিলা ঠিকই নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়। এই ভ্যানচালক শাকিলা আক্তার আটোয়ারী উপজেলার পটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বাড়ি রাধানগর ইউনিয়নের রাধানগর মালিগাঁও গ্রামে। একমাত্র উপার্জনক্ষম বাবা অসুস্থ হয়ে হাসপাতালে। তাই চার ভাই-বোনের মধ্যে সবার বড় শাকিলাকেই সংসারের হাল ধরতে হয়। বাধ্য হয়ে বাবার ভ্যানটিই হয়ে ওঠে শাকিলার তথা তার পরিবারের উপার্জনের মাধ্যম। শাকিলার মা জহুরা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাইয়ে-ভাইয়ে মারামারি করে তার স্বামী মনির হোসেন ১৫ দিন ধরে হাসপাতালে। অভাব-অনটনের সংসারে তাই শাকিলাকে তাই সংসারের ঘানি টানতে হচ্ছে। "স্বামী হাসপাতালে থাকায় মহাবিপদে পড়ে যাই। সন্তানদের খাবার আর স্বামীর ওষুধের টাকা জোগাড় করা কোনোভাবে সম্ভব হচ্ছিলো না। শাকিলা এ সব দেখে নিজেই ভ্যান চালাতে নেমেছে। ওর সামান্য রোজগারে কোনমতে সংসারটি টিকে আছে", বলেন তিনি। শাকিলা জানায়, বাবার অসুস্থতার দিন থেকেই তার ভ্যান চালানোর শুরু। "গভীর রাত হওয়ায় আশেপাশের কাউকে ডেকে পাইনি। আমি নিজেই ৭/৮ কিলোমিটার ভ্যান চালিয়ে বাবাকে হাসপাতালে নিয়ে যাই। পরে ভ্যান চালিয়েই বাড়ি আসি", বলে সে। শাকিলা জানায়, খাবারের জন্য ছোট ভাই-বোনের কান্না সহ্য করতে না পেরেই সে ভ্যান নিয়ে রোজগারের জন্য নামে। প্রতিদিন স্কুল ছুটির পর ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে শাকিলা। সন্ধ্যা পর্যন্ত ৪০/৫০ টাকা আয় হয় তার। পটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম জানান, শাকিলা নিয়মিত স্কুলে আসে। লেখাপড়াতেও ভালো। এ বয়সে ভ্যান চালনা শাকিলার শারীরিক ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন তিনি, যা নিয়ে তিনি উদ্বিগ্নও। শাকিলার বিষয়টি জানার পর প্রশাসনও কিছু করতে চাইছে বলে জানালেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাকিলার মাকে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করছি, এতে সামান্য হলেও ওদের অভাব দূর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১০ ঘ.