২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাদক বিক্রেতা দম্পতির যাবজ্জীবন

বাড়িতে ফেনসিডিল রেখে বিক্রির দায়ে এক দম্পতিসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

সিলেট, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়িতে ফেনসিডিল রেখে বিক্রির দায়ে এক দম্পতিসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজিম আহমেদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-সিলেটের জকিগঞ্জের সেনাপতিরচক গ্রামের দুদু মিয়া (৩০) ও তার স্ত্রী স্বপ্না বেগম (২৫), আবদুর রহমান (৪৫), একই উপজেলার শিতলজুরা গ্রামের আখলেছুর রহমান (৪৫) এবং সুলতানপুরের মো. মইনুল (২৮)। রায়ের নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৯ জুলাই সিলেট নগরের ইসলামপুর এলাকার একটি বাসা থেকে ৪২৭ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করে পুলিশ। ওইদিনই কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন সরকার বাদি হয়ে মামলা করেন। পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার পর ওই বছরের ৩ নভেম্বর আদালতে অভিযোগ গঠন হয়। মামলার মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্ত স্বপ্না বেগমের দুই মাস বয়সী কন্যাসন্তান থাকায় আদালত মাতৃদুগ্ধপানকালীন পর্যন্ত ওই শিশুকে মায়ের সঙ্গে কারাগারে রাখার নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০০ ঘ.