ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার ও মাদারীপুরের কালকিনি থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
সাভার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার একটি ঝোপের ভিতর থেকে বুধবার সকাল ৮টার দিকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার সামাদ মেম্বারের বাড়ির পশ্চিম পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের গলায় গামছা পেঁচানো ছিল। পরনে ছিল কালো প্যান্ট ও হাফ গেঞ্জি।
শ্বাসরুদ্ধ করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্যে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে এসআই জানান।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সাহাদাৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশুলিয়ার রাঙ্গামাটিয়া এলাকার পশ্চিমপাড়ার একটি ভুট্টা ক্ষেত থেকে দুপুর ১২টার দিকে অজ্ঞাত পরিচয় (২৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তাকে শ্বাসরোধ ও ছুরি মেরে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
মাদারীপুর: কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের দাসকান্দি গ্রামে কালাম সরদার (৩০) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলার দাসকান্দি গ্রামের বিনয়ের ভিটা থেকে বুধবার তার লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে বলে ধারণা করছি আমরা।"
কালকিনি থানার ওসি মো. শাহিন মণ্ডল বলেন, সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, কালাম টাকা ঋণ দিয়ে সুদের ব্যবসা করতেন। এ ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৪৬ ঘ.
bdnews24