ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিউনিস্ট নেতা মণিকৃষ্ণ সেনের বাড়ি শিবকৃষ্ণ ভবনকে 'তেভাগা জাদুঘর' প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন সাত জন সংসদ সদস্য।
মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
প্রয়াত মণিকৃষ্ণ সেন বৃটিশবিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে সংগঠকের ভূমিকা পালন করেন। তিনি বৃটিশ-পাকিস্তান-বাংলাদেশ আমলে প্রায় ২৯ বছর কারাভোগ ও আত্মগোপনে ছিলেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন সংসদ সদস্য রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আসাদুজ্জামান নূর, টিপু মুন্সি, ফজলে হোসেন বাদশা, রুবী রহমান ও আমেনা আহমেদ।
বিবৃতিতে তারা বলেন, রংপুর শহরের মুলাটোলে অবস্থিত 'শিবকৃষ্ণ ভবন' উত্তরাঞ্চলের প্রগতিশীল আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ছিলো। এই ভবনটি উপমহাদেশের অনেক রাজনৈতিক নেতার স্মৃতি বিজড়িত এবং বৃটিশবিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলো।
মণিকৃষ্ণ সেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই সঙ্গে দীর্ঘদিন কারাভোগ করেছিলেন বলে বিবৃতিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এমআই/১৫১৩ ঘ.
bdnews24