নরসিংদী, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে নাজমুল হক (৩৮) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যরা বলছে, নাজমুল নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেন।
বুধবার প্রথম প্রহরে উপজেলার সোনাকুড়া সিঅ্যান্ডবি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নাজমুল উপজেলার নোয়দিয়ায় গ্রামীণ ব্যাংক শাখার সহ-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার সাধারচর গ্রামের বাসিন্দা।
শিবপুর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজমুল রাত ৯টার দিকে মেয়ের জন্য নতুন জামা নিয়ে সিঅ্যান্ডবি বাজারের ভাড়া বাসায় আসে। মেয়েকে নতুন জামা পরিয়ে তার সঙ্গে কিছুক্ষণ খেলাও করেন।
রাতে স্ত্রী মনি বেগম ভাত খাওয়ার জন্য ডাকলে নাজমুল খেয়ে এসেছেন বলে তার স্ত্রীকে জানান। পরে মনি অন্য দিনের মতোই স্বামীর কক্ষে মশারী টানিয়ে দেন এবং নিজের খাওয়া শেষে বাচ্চা নিয়ে পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
ওসি জানান, রাত ১২টায় দিকে আশপাশের মানুষের চিৎকার শুনে মনি ঘুম থেকে উঠে স্বামীর কক্ষে গিয়ে দেখেন কক্ষে কেউ নেই। বাসার ফটক বাইরের দিকে তালাবদ্ধ। এসময় বাড়িওয়ালার স্ত্রীকে ডেকে তোলেন মনি।
কিছুক্ষণ পর এলাকার লোকজন এসে মনি বেগমকে জানান, নাজমুল পাশের বাগানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে শিবপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩০ ঘ.
bdnews24