চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্ত হয়ে দেশে ফেরার দুদিনের মাথায় এমভি জাহান মণির নাবিক মঈনুদ্দিন ছেলের নাম রেখেছেন। তিনি জিম্মি থাকা অবস্থায় এ ছেলের জন্ম হয়েছিলো।
স্বামী, স্ত্রী দুজনে মিলে মঙ্গলবার রাতে ৫৯ দিন বয়সী তাদের একমাত্র সন্তানের নাম রেখেছেন 'মোহাম্মদ আরাফ বিন মঈনুদ্দিন'।
জাহান মণির দ্বিতীয় প্রকৌশলী মোহাম্মদ মঈনুদ্দিন ও তার স্ত্রী সারজিনা চৌধুরী লিজা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এ কথা জানান।
গত ২৩ জানুয়ারি মঈনুদ্দিন প্রথম সন্তানের বাবা হন। কিন্তু তখন তিনি জাহান মণির অন্য ২৫ নাবিকসহ সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন।
সন্তানের জন্মের খবর পেয়েছিলেন চারদিন পর। স্ত্রী লিজা পণ করেছিলেন স্বামী মুক্ত হয়ে চট্টগ্রামে ফিরে আসলেই ছেলের নাম রাখবেন।
সোমবার মুক্ত হয়ে দেশে ফেরার পর মঈনুদ্দিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলেকে কোলে নিয়ে সাংবাদিকদের বলেছিলেন, এবার তিনি ছেলের নাম রাখবেন।
গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগর থেকে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণি গ্রিসে যাবার পথে সোমালীয় জলদস্যুরা জাহাজটি ছিনতাই করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১২৫০ ঘ.
bdnews24