ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেছেন, ছাত্র রাজনীতিতে সন্ত্রাস-নৈরাজ্য, দখলদারিত্ব ও শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টের দায় ছাত্রদের নয়। এর জন্য দায়ী রাজনীতিবিদরা।
তিনি বলেন, "এসবের কারণে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলা হচ্ছে। কিন্তু স্বার্থপরতা ও নৈরাজ্য সত্ত্বেও দলীয় রাজনীতি, ট্রেড ইউনিয়ন রাজনীতির কোনোটাই নিষিদ্ধের কথা বলা হচ্ছে না।
"ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে আমি নই। সুস্থ রাজনীতির বিকাশ চাই আমি।"
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৪তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আহমদ রফিক এসব কথা বলেন।
ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য তুলে ধরে আহমদ রফিক বলেন, ছাত্র সমাজের বা ছাত্র রাজনীতির অংশবিশেষের বিভ্রান্তিকর আচরণের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অর্থ হবে মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলার মতো উদ্ভট চিকিৎসা।
"ক্ষমতা অদলবদলের রাজনৈতিক পরিবেশে এবং ছাত্র সমাজে প্রধান রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক নিয়ন্ত্রণের কারণে এক সময়কার ছাত্রঐক্য এখন অসম্ভবের সাধনা। তবু ছাত্র-আন্দোলনের পূর্বাপর চারিত্রিক ঐতিহ্য বিবেচনায় সুস্থ ছাত্র রাজনীতি আমাদের জাতীয় জীবনের জন্য এক দিকনির্দেশনার উৎস" যোগ করেন তিনি।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেপাল ন্যাশনাল ফেডারেশন অব স্টুডেন্টস'র সভাপতি অভিনুব কুমার, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মন্টি বৈষ্ণব, কমিটির আহ্বায়ক এস এম শুভ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, গবেষক-প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, ডাকসুর সাবেক জিএস মোরশেদ আলী প্রমুখ।
এর আগে দুপুর ১২টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আহমদ রফিক। এ সময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব দলীয় পতাকা উত্তোলন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি অপরাজেয় বাংলা থেকে মধুর ক্যান্টিন-লাইব্রেরী-টিএসসি হয়ে দোয়েল চত্বর-হাইকোর্ট-পল্টন-মতিঝিল থেকে গোলাপ শাহ মাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এ সময় বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকালের পর্বে টিএসসিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৫৪ ঘ.
bdnews24