২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ৭ দিনব্যাপী অনুষ্ঠান

স্বাধীনতা দিবসের ৪০ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসের ৪০ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। এর আয়োজন করেছে মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাষ্ট। অনুষ্ঠানমালা চলবে ২৮ মার্চ পর্যন্ত। এ সময় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার উদ্বোধনী দিনে 'চল্লিশ বছর পর: স্মৃতি ও ন্যায় বিচার' বিষয়ে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থা অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল এর সাবেক মহাসচিব ইয়ান মার্টিন। এছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি ডা. সারওয়ার আলী, আক্কু চৌধুরী, সারা জাকের। বার্ষিক প্রতিবেদন পেশ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি ও সদস্য সচিব মফিদুল হক। ১৯৭১ সালের স্মৃতিচারণ করে মার্কিন মানবাধিকার কর্মী ইয়ান মার্টিন বলেন, "১৯৭১ সালের ২৫ মার্চ আমরা আমাদের গুলশানের গেষ্ট হাউজের ছাদে দাড়িয়ে দেখেছি কীভাবে পাকিস্তানি সেনাবাহিনী ভারী অস্ত্রসহ সেনানিবাস থেকে বেড়িয়ে এসে ঘুমন্ত মানুষের উপর হামলা চালিয়েছে। সেদিন পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণহারে মানুষকে হত্যা করা হয়। এটি নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন।" মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি ও সদস্য সচিব মফিদুল হক বলেন, "মুক্তিযুদ্ধ জাদুঘরের আউটরিচ প্রকল্পের আওতায় ঢাকার শিক্ষার্থীদের নিয়ে আসা হয় মুক্তিযুদ্ধ জাদুঘরে এবং ঢাকার বাইরে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায় ভ্রাম্যমাণ জাদুঘর। গত বছর এ কর্মসূচিতে ঢাকা জেলার ৬০টি প্রতিষ্ঠানের ৭৬৬২ জন এবং ঢাকার বাইরে ৬১ টি প্রতিষ্ঠানের ৩০,৮০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা সংগীত পরিবেশন করে 'আনন্দধ্বনি', আবৃত্তি পরিবেশন করে সংবৃতা, নৃত্য পরিবেশন করে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র। এছাড়া ওয়াইডব্লিউসিএ স্কুল এন্ড কলেজ ও নটরডেম কলেজ এর শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে । ১৯৯৬ সালের ২২ মার্চ যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বেগুনবাড়ি এলাকায় স্থায়ী জাদুঘর নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কেএমএস/২১৫১ ঘ.