ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশাল আকারের একটি সাম্পানে সাজানো মঞ্চ। সেখান থেকে ভেসে আসছে ঢাকের শব্দ। এরমধ্যেই সাপখেলা দেখানোর স্টলের পাশে বসে হাতে মেহেদি পরছেন জাপনের নাগরিক শান্তি। তার চোঁখমুখে আনন্দ ও বিস্ময়ের ছাপ।
বিশ্বকাপ ক্রিকেট উপভোগ করতে ১৪ দিন আগে বাংলাদেশে এসেছেন শান্তি। মঙ্গলবার দুপুরে এসেছিলেন সোনারগাঁও হোটেলের গ্রিনহাউজ ব্যাংকোয়েট এরিয়ায় আয়োজিত 'বাংলাদেশ লোকজ উৎসব'-এ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে কোনো দিন মেহেদি দেখিনি। আমার ভালোলাগার অনুভুতি ভাষায় প্রকাশ করা যাবে না। মেহেদির রং হাতে নিয়ে দেশে যাবো, ভাবতেই ভালো লাগছে।"
"এতো সুন্দর করে হাতে মেহেদি পরা যায় আমার জানা ছিল না। দেশে গিয়ে সবাইকে দেখাবো" বলেন শান্তি।
শান্তির মতো অনেকেই এসেছিলেন এই লোকজ মেলায়। পর্যটকদের কাছে দেশীয় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম অফিশিয়াল পার্টনার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই মেলার আয়োজন করে।
নরওয়ের নাগরিক বাল্টি নিজের জন্য এবং পরিবারের সদস্যদের জন্য মেলা থেকে কিনেছেন বেশ কয়েকটি পোশাক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের লোকজ ঐতিহ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। দেশটিও অনেক সুন্দর।"
মেলায় ৩০টি স্টলে সাজানো রয়েছে কাঁচের চুড়ি, বাঁশি, বিভিন্ন হস্তশিল্প, দেশিয় পোশাক, ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, একতারা দোতারাসহ দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এ রকম বিভিন্ন জিনিসপত্র।
এছাড়া সাপের খেলা, বানরের খেলা, পুতুল নাচ এবং পালকি ও রিক্সায় চড়ে ছবি তোলার ব্যবস্থাও ছিল মেলায়। আর ফুল, প্রজাপতি, বাঘ, হরিণসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি দিয়ে মেলা প্রাঙ্গণকে সাজানো হয়েছিল বার্ণিল সাজে।
দিনব্যাপী এ মেলায় 'বিউটিফুল বাংলাদেশ' ও 'স্কুল অফ লাইফ' শীর্ষক প্রামাণ্যচিত্র ছাড়াও বাউল সঙ্গীত পরিবেশন করা হয়।
এর আগে সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান শফিক আলম মেহিদী। এসময় আইসিসির হেড অফ মিডিয়া কলিন গিবসন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপক পারভেজ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আসা বিদেশি পর্যটক, আইসিসির কর্মকর্তা, খেলোয়াড় এবং দেশি-বিদেশি সাংবাদিকদের কাছে দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়।
তিনি বলেন, "পর্যটক এবং দর্শণার্থীদের পদচারণায় লোকজ মেলা সার্থক হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/২১১২ ঘ.
bdnews24