সাভার, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) বালুর ট্রাক চাপা পড়ে এক পোশাক শ্রমিকের মৃত্যুতে বিক্ষুদ্ধ শ্রমিকরা কয়েকটি কারখানা ও যানবাহনে হামলা ও ভাংচুর করেছে।
এসময় শ্রমিকদের সঙ্গে আনসার ও পুলিশের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়।
আতঙ্কে ডিইপিজেড-এর নতুন জোনের প্রায় ৪৫টি কারখানায় গণছুটি দেওয়া হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিহত শ্রমিক ইব্রাহিম মোল্লা (২৭) নতুন জোনের সফটটেক্স সোয়েটার লিমিটেড-এর নিটিং অপারেটর। তার গ্রামের বাড়ি বরিশালের বানাড়ীপাড়া উপজেলার কচুয়া গ্রামে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইব্রাহিম দুপুরের খাবার শেষে সাইকেলে করে তার কারখানায় ফিরছিলেন। এসময় ডিইপিজেড-এর ভেতরে কাস্টমস গেইটের সামনে একটি বালু ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়।
ওসি জানান, সহকর্মীর মৃত্যুর খবর শুনে ওই কারখানার শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে উত্তেজিত হয়ে পড়ে। তারা ট্রাকের চালককে আটক করে বেধড়ক পিটুনি দেয়।
এসময় ক্ষুদ্ধ শ্রমিকরা কাস্টমস কার্যালয় ও কয়েকটি পোশাক কারখানায় হামলা চালায় এবং জানালার কাঁচ ভাংচুর করে। তারা কয়েকটি যানবাহনেও হামলা চালায়।
উত্তেজিত শ্রমিকরা লাঠিসোটা নিয়ে সেখানে কর্তব্যরত আনসারদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে প্রায় ৩০ জন আহত হয়।
ওসি বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের হিমশিম খেতে হয়। এ ঘটনার পর ডিইপিজেডে পুলিশ, শিল্প পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। ইব্রাহিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানার ওসি।
নিহত শ্রমিকের সহকর্মী মিলন, বাবুল, রাশেল, শফিক, শাহজাহান, নাছিরসহ কয়েকজন অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূল ফটকের দুটি গেইটের মধ্যে একটি গেইট সব সময় বন্ধ থাকে। ফলে ওই একটি গেইট দিয়ে গাড়ি চলাচল বিপদজনক।"
তারা দুর্ঘটনার জন্য বেপজার নিরাপত্তাকর্মী ও আনসারদের অবহেলাকে দায়ী করেন।
বেপজার কাস্টমসের কনসালটেন্ট মেজর (অব.) মিয়াজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আতঙ্কে নতুন জোনের প্রায় ৪৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। তবে বেপজা কর্তৃপক্ষের সাথে আলোচনা না করেই কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়েছে বলে তিনি জানান।
মিয়াজী বলেন, "কারখানা কর্তৃপক্ষ ও ট্রাক মালিকের সাথে কথা হয়েছে। নিহত শ্রমিকের পরিবারকে যথেষ্ট ক্ষতিপূরণ দেয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৫১ ঘ.
bdnews24