২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবার ও গৃহস্থালীর পানির লাইন আলাদা করার পরামর্শ

ঢাকা মহানগরীর পানি সংকট মোকাবেলায় খাবার পানি ও গৃহস্থালীর কাজে ব্যবহার্য পানির সরবরাহ লাইন আলাদা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর পানি সংকট মোকাবেলায় খাবার পানি ও গৃহস্থালীর কাজে ব্যবহার্য পানির সরবরাহ লাইন আলাদা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি উৎপাদন বাড়ানোসহ অপচয় বন্ধে ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ঢাকা ওয়াসাকে উদ্যোগ নিতে বলেছেন তারা। মঙ্গলবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এ পরামর্শ দেন। বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব দি ইন্টারন্যাশনাল কমিশন অন ইরিগেশন এন্ড ড্রেনেজ (বিএএনসিআইডি) 'ওয়াটার ফর সিটিজ: রেসপন্ডিং টু দি আরবান চ্যালেঞ্জ' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। বিএএনসিআইডির সদস্য এবং ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং এর নির্বাহী পরিচালক আবু সালেহ খান সেমিনারে বলেন, "সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে রাজধানীতে পানির সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। অথচ পানির অপচয় রোধে তেমন কোনো উদ্যোগ নেই।" অপচয় রোধে খাবার পানি ও নিত্য ব্যবহার্য পানির সরবরাহ লাইন আলাদা করলে সুফল পাওয়া যাবে বলে মত দেন তিনি। এ জন্য তিনি ঢাকা ওয়াসাকে একটি পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পরিমল চন্দ্র সাহা বলেন, "বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগে যেমন গ্রাহককে তার চাহিদা জানাতে হয়। অপচয় রোধে পানি সংযোগ নেওয়ার আগে একটি বাড়ির পানির চাহিদা এবং পানির কলের (ট্যাপ) সংখ্যা ওয়াসাকে জানানোর নিয়ম করতে হবে।" ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশনের সাবেক মহাপরিচালক কাজী গোলাম মোস্তফা বলেন, "পানি যে চুরি হয়- ওয়াসার কর্মকর্তারা তা জানেন। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আর সরবরাহ লাইনে ত্র"টি থাকায় পানি দূষণও রোধ করা যাচ্ছে না।" উদাহরণ হিসেবে তিনি বলেন, ওয়াসা ঢাকার বস্তিগুলোতে পানি সরবরাহ করে না। সেখানে পানি সরবরাহ করে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও)। বস্তিবাসীরা ওয়াসার দামের চেয়ে বেশি দাম দিয়ে পানি কেনেন। আর সুযোগ পেলে তারা ওয়াসার পানি চুরি করেন। ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. আজহারুল হক বলেন, "ওয়াসায় দক্ষ জনবলের অভাব রয়েছে। রাজধানীতে জনসংখ্যা দিন দিন বাড়ছে, এতে চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে ওয়াসা। সিস্টেম লসের কারণে কোটি কোটি টাকার অপচয় হচ্ছে।" ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত আলী বলেন, "ঢাকা মহানগরীতে ২২০ কোটি লিটার চাহিদার বিপরীতে ২০৫ কোটি লিটারের মতো পানি সরবরাহ করা হয়।" 'সিস্টেম লস' (অপচয় ও চুরি) কমানোসহ পানির উৎপাদন বাড়াতে ওয়াসা কাজ করছে জানিয়ে তিনি বলেন, ২০০৯-১০ অর্থবছরে সিস্টেম লস ছিলো ৩৫ দশমিক ৭৪ শতাংশ। যা ২০১০-১১ অর্থ বছরে ৩১ দশমিক ৮৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে। সরকার সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, শহর অঞ্চলের পানি সংকট মোকাবেলায় ভূ-গর্ভস্থ পানির চেয়ে ভূ-পৃষ্ঠের ওপরের পানি ব্যবহারে ওয়াসাকে নতুন পরিকল্পনা নিতে হবে। অন্যদের মধ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ-উজ-জামান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও বিএএনসিআইডির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সেমিনারে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৯০৪ ঘ.