২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদ অর্জনের মামলায় নাজনীন বানু কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক জ্বালানি সচিব আনহ আকতার হোসেনের স্ত্রী নাজনীন বানুকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক জ্বালানি সচিব আনহ আকতার হোসেনের স্ত্রী নাজনীন বানুকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. কাদের নেওয়াজ তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নাজনীন তার অসুস্থতার জন্য আদালতে চিকিৎসার আবেদন জানালে তাকে ল্যাব এইড হাসপাতালে রেখে চিকিৎসার আদেশ দেওয়া হয়। ২০০৮ সালের ৩০ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের মামলায় তৎকালীন একটি বিশেষ জজ আদালতের বিচারক অমর কুমার রায় তাকে তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। ওই সময় নাজনীন বানু পলাতক ছিলেন। নাজনীনের আইনজীবী শেখ বাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় একই সময়ে তার স্বামী আনহ আকতার হোসেনকে ১০ বছরের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সাজা দেয় আদালত। আকতার হোসেন এ মামলায় জামিনে রয়েছেন। ৮৯ লাখ ৭২ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে নাজনীনের বিরুদ্ধে ২০০৭ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মুহ. মাহবুবুল আলম উত্তরা থানায় মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/কেএমএস/১৮০২ ঘ.