চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর হালিশহরে আগুনে চারটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে হালিশহর থানার গ্রিন ভিউ হাউজিং সোসাইটি এলাকায় একটি দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
আগ্রাবাদ দমকল স্টেশনের কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি মনোহারী দোকান, দুটি মুদির দোকান, একটি ভিডিও সিডির দোকান এবং একটি বসত ঘর পুড়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে দমকল বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24