সিরাজগঞ্জ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মহল্লার তরুণদের পূর্ব বিরোধের জেরে সিরাজগঞ্জ শহরে দোকানপাট ও বসতবাড়িতে ভাংচুর চালিয়েছে একপক্ষ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমলাপাড়া মহল্লায় এ হামলা চালানো হয়।
এ সময় ৫/৬টি দোকান ও বসতবাড়িতে ভাংচুর করা হয়।
আমলাপাড়া মহল্লার ব্যবসায়ী গোপাল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে ধানবান্ধি মহল্লার রাসেল, টিংকু ও আবির এবং আমলাপাড়া মহল্লার রিচার্ড জেবরান গ্র"পের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ধানবান্ধি মহল্লার যুবকরা রাতে হামলা চালায়।
পরে দু'গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার পর দু'মহল্লার মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24