বরগুনা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপি নির্বাচন নিয়ে বরগুনার পাথরঘাটায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে সদর ইউনিয়নের গহরপুর গ্রামে এ সংঘর্ষে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে রয়েছেন, চেয়ারম্যান পদপ্রার্থী চৌধুরী মো. ফারুকের বড়ভাই চৌধুরী মোহাম্মদ মাসুম, তাদের কর্মী বাবুল, সুয়েন, শহিদুল, হায়দার, নিজাম, আরিফ, এনায়েত, জাহাঙ্গীর, মাসুম, লতিফ, শহিদ, আওয়ামী লীগ সমার্থিত প্রার্থী আসাদুজ্জামানের কর্মী আবদুর রহমান ও মোজ্জাম্মেল হোসেন আনোয়ার। একজনের নাম জানা যায়নি।
আহত মাসুম চৌধুরী জানান, নির্বাচনী কাজ করার সময় আসাদুজ্জামানের বাবা আবদুল বারী আজাদ লোকজন নিয়ে তাদের মারধর করেন।
তাদের কর্মীরা খবর শুনে ছুটে এলে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়।
পুলিশ জানায়, সংঘর্ষে দু'পক্ষ লোহার পাইপ, রড় ও রাম দা ব্যবহার করেছে। আধাঘন্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে।
পাথরঘাটা থানার ওসি নূরুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৭ ঘ.
bdnews24