২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঈনউদ্দিন এবার ছেলের নাম রাখবেন

মোহাম্মদ মঈনউদ্দিন যখন প্রথম বাবা হলেন তখন তিনি সোমালিয়ায় জলদস্যুদের হাতে বন্দি। সোমবার তিনি ফিরেছেন, এবার রাখা হবে ছেলের নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

মিন্টু চৌধুরী ও মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদ মঈনউদ্দিন যখন প্রথম বাবা হলেন তখন তিনি সোমালিয়ায় জলদস্যুদের হাতে বন্দি। সোমবার তিনি ফিরেছেন, এবার রাখা হবে ছেলের নাম। জাহার মণি'র দ্বিতীয় প্রকৌশলী মঈনউদ্দিনের প্রথম সন্তানের জন্ম হয় গত ২৩ জানুয়ারি। এ খবর তিনি পেয়েছিলেন সন্তান জন্মের চারদিন পর। দেশে ফিরেই প্রথমে কোলে তুলে নেন ৫৮ দিন বয়েসী পুত্রসন্তানকে। স্বামী জলদস্যুদের হাতে জিম্মি। সে কারণে ছেলের নাম রাখেননি মঈনুদ্দিনের স্ত্রী সারজিনা চৌধুরী লিজা। এবারে মুক্ত স্বামীর সঙ্গে মিলেই নাম রাখবেন তিনি। মঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পিতা হওয়ার অনুভূতি জানিয়ে বলেন, জলদস্যু সর্দারকে জাহাজে জিম্মি সবাই মিলে অনুরোধ করে লিজার সঙ্গে এক মিনিট কথা বলেছিলাম। "সন্তানের জন্মের পর তার মুখ না দেখতে পাওয়া কত কষ্টের তা বলে বোঝানো যাবে না।" এ নাবিককে এখনো হাতছানি দেয় নীল সাগর। বললেন, আমরা যেহেতু নাবিক তাই আবারো যেতে হবে। তবে সরকারের কাছে মঈনউদ্দিনের দাবি- বাংলাদেশি নাবিকদের নিরাপদ সাগরযাত্রা। 'স্ত্রীকে কখনোই অসম্মান করেনি জলদস্যুরা' জাহান মণিতে ২৫ নাবিকের সাথে জিম্মি ছিলেন প্রধান প্রকৌশলি মতিউল মাওলার স্ত্রী রুখসানা গুলজার। একশ দিন জিম্মিদশার কোনদিনই জলদস্যুরা তার সঙ্গে খারাপ আচরণ করেনি। মুক্ত হয়ে দেশে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের এ কথা জানান তারা। প্রধান প্রকৌশলি মাওলা জানান, শুরুর দিকে জলদস্যুরা একটু উগ্র ভাব দেখালেও পরে বুঝতে পারে আমরা খুবই সাধারণ, কোন সমস্যা করব না। "জলদস্যুরা কখনোই আমার স্ত্রীর কাছেও আসে নি। দূর থেকে তাকে (রুখসানা) দেখলেই দস্যুরা সরে যেত।" 'জাহাজের ধীরগতি ও কোন ধরণের সমরাস্ত্র না থাকা' জলদস্যুদের কবলে পড়ার অন্যতম কারণ বলে মন্তব্য করেন মতিউল মাওলা। তিনি বলেন, ছোট একটি ফিশিং বোটে করে ধাওয়া দিয়েই দস্যুরা জাহাজে উঠে পড়ে। সশস্ত্র জলদস্যুরা একবার উঠে পড়লে নাবিকদের আর কিছুই করার ছিল না। তিনি জানান, জাহান মণিকে উদ্ধারের জন্য ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দুই দফা চেষ্টা চালায়। জলদস্যুরা জাহাজে আক্রমণের পরপরই জরুরি বার্তা পাঠালে ভারতীয় নৌবাহিনী জাহাজ এক ঘন্টার মধ্যে জাহান মণি'র কাছাকাছি এসে পৌঁছায়। "এসময় জলদস্যুরা ক্যাপ্টেনের মাথায় বন্দুক ধরে গুলি চালানোর হুমকি দিয়ে ভারতীয় জাহাজকে চলে যেতে বাধ্য করে। পরের দিন আবারও নৌবাহিনীর জাহাজ উদ্ধারে চেষ্টা চালায়। তবে ততক্ষণে পুরো জাহাজের নিয়ন্ত্রণই জলদস্যুদের হাতে চলে যায়।" 'ইমার্জেন্সি জেনারেটরে রান্না' জলদস্যুদের হাতে জিম্মিদশার ১৫ দিনের মাথায় শেষ হয়ে যায় জাহাজে সংরক্ষিত খাবার পানি। এরপর থেকে সাগরের পানিই দৈনন্দিন কাজে ব্যবহার করে জিম্মি নাবিকরা। বাধ্য হয়ে তাদের খেতে হয় হাত ধোয়ার পানি, আর গোসল হতো ১৫ দিনে একবার। জাহান মণি'র যান্ত্রিক প্রকৌশলি শাহাবু আলম, নাবিক ইদ্রিস, মোহাম্মদ জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। এক মাসের মাথায় জাহাজের সব বিদ্যুৎ সরবরাহ শেষ হয়ে যায়। নাবিকদের জাহাজের ব্রিজরুমের মেঝেতে সবাইকে একসঙ্গে থাকতে বাধ্য করে জলদস্যুরা। পরে প্রধান প্রকৌশলির অনুরোধে তার স্ত্রীকে আলাদা রাখা হয়। "জাহাজে থাকা ছোট্ট একটা ইমার্জেন্সি জেনারেটর দিয়ে খাবার রান্না করা হতো।" ১০০ দিনের বন্দিদশায় তিনি দুইবার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পেরেছিলেন সাহাবু। শেষ দেড়মাসে সে সুযোগ একবারও মেলেনি। প্রায় ৬০ জন অস্ত্রধারী জলদস্যু জাহাজে সবসময় পাহাড়া দিত- জানান জাহাজের নাবিক আব্দুল ফাত্তাহ (৫০), আবুল হোসেনসহ কয়েকজন নাবিক। তারা জানান, দস্যুরা ৪০টি একে ৪৭ রাইফেল, চারটি এলএমজি ও কয়েকটি রকেট লাঞ্চার নিয়ে সবসময় জাহাজ পাহারা দিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২৩০ ঘ.