নাটোর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলায় রোববার গভীর রাতে একটি খামারের বার্ড ফ্লু আক্রান্ত পাঁচ হাজার মুরগি নিধন করা হয়েছে।
এছাড়া বালুয়াবাসুয়া গ্রামের 'নাজমা পোল্ট্রি ফার্ম' নামের ওই খামারটি চার মাসের জন্য বন্ধ করে দিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।
সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় জানায়, শুক্রবার খামারটির মুরগি মরতে শুরু করলে প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মীরা আক্রান্ত মুরগির নমুনা জয়পুরহাট ও ঢাকায় পাঠান।
রোববার রাতে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হলে রাত সাড়ে ১২টার দিকে খামারটির পাঁচ হাজার মুরগি মেরে ১০৬টি ডিমসহ মাটিচাপা দেওয়া হয়।
খামারটি আগামী চারমাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম বলেন, আশপাশের খামারগুলির প্রতি সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
খামারের মালিকের ছেলে ফারুক হোসেন বলেন, প্রাণিসম্পদ বিভাগ তাদের ক্ষতিপূরণ বাবদ প্রতিটি মুরগির জন্য দুইশ' টাকা ও ডিমের জন্য পাঁচ টাকা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৬ ঘ.
bdnews24