সাভার, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ভাতা নিয়ে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় ভাংচুরের ঘটনায় ২৭ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।
রোববার দুপুরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের 'আমরা অ্যাপারেলস লিমিটেডে' ভাংচুর করে শ্রমিকরা।
ওই রাতেই কারখানাটির মহাব্যবস্থাপক আব্দুল মান্নান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ ২৭ শ্রমিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
এদিকে মামলা প্রত্যাহার ও কারখানার মহাব্যবস্থাপকের অপসারণের দাবিতে সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে বিকালে কারখানা কর্তৃপক্ষ, বেপজা ও পুলিশের মধ্যে একটি বৈঠক হয়। এতে কোনো সমঝোতা না হওয়ায় শ্রমিকরা বাসায় চলে যায়।
দাবি পূরণ না হলে শ্রমিকরা কঠোর আন্দোলনে যাবে বলে জানিয়ে দিয়েছে, বলেন এই পুলিশ কর্মকর্তা।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক শামসুল হক বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০৫ ঘ.
bdnews24