২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাধায়ক সরকারের পক্ষে মত দিলেন ড. কামাল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে মত দিয়ে ড. কামাল হোসেন বলেছেন, এ ব্যবস্থায় কোনো ক্রটি-বিচ্যুতি থাকলে আলোচনার মাধ্যমে এর সমাধান হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে মত দিয়ে ড. কামাল হোসেন বলেছেন, এ ব্যবস্থায় কোনো ক্রটি-বিচ্যুতি থাকলে আলোচনার মাধ্যমে এর সমাধান হতে পারে। সোমবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে আপিল আবেদনের শুনানিতে আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসাবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হয়। দিনের শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেখে দেওয়ার পক্ষে। সংসদে পাস হওয়ার পর ১৯৯৬ সালের ২৮ মার্চ রাষ্ট্রপতি ত্রয়োদশ সংশোধনীতে অনুমোদন দেন। এর আগে শুনানিতে ড. কামাল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বুঝতে হলে সেই সময়ের পটভূমি বিবেচনায় রাখতে হবে। সংঘাত-সংঘর্ষময় রাজনৈতিক পরিস্থিতিতে এ ব্যবস্থা এসেছিলো। সামান্য কোনো ক্রটি-বিচ্যুতি থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। "আপনারা সংবিধানের অভিভাবক, একে রক্ষার দায়িত্বও আপনাদের। তাই কে বৈধ আর কে অবৈধ সে বিতর্কে না গিয়ে জনস্বার্থ রক্ষা করা আপনাদের দায়িত্ব।" তিনি বলেন, ষষ্ঠ সংসদকে এখন আর অবৈধ বলার সুযোগ নেই। পরবর্তী সরকারগুলো ওই সংসদকে গণনায় নিয়েই ধারাবাহিকতা রক্ষা করেছে। ড. কামাল বলেন, যারা ক্ষমতায় আসে তারা মনে করেন এটা চিরস্থায়ী। একটানা ১৫ বছর ক্ষমতায় থাকতে চায়। কিন্তু পাঁচবছরের বেশি থাকা যায় না। "এর বেশি থাকতে হলে জনগণের ম্যান্ডেট প্রয়োজন হয়। তত্ত্বাবধায়ক সরকার সে সুযোগ নিয়ে এসেছে। কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলে জনকল্যাণে কাজ করতে হয়। আর জনকল্যাণে কাজ করলে পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে সহজেই ক্ষমতায় আসতে পারেন।" সংবিধানে গণতন্ত্রের কথা বলা পরও ৩ মাস অনির্বাচিত একটি সরকার ক্ষমতায় থাকা প্রসঙ্গে আদালত-বন্ধু কামাল বলেন, সংবিধান কোন সাধারণ আইন নয়, একটি মৌলিক আইন। ওই আইনে জনগণকে সব ক্ষমতার উৎস বলা হয়েছে। শুনানি শেষ করার আগে প্রধান বিচারপতি জানতে চান, এ ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামো বা বিচার বিভাগ পৃথককরণের মৌলিক চেতনার বিরোধী কি না? সোমবারের শুনানিতে ড. কামালকে এ বিষয়ে কথা বলতে বলেছে পূর্ণাঙ্গ বেঞ্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৭৩৭ ঘ.