২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমবায় সমিতি আইনের খসড়া নীতিগত অনুমোদন

প্রতারণা থেকে সমবায় সমিতির সদস্যদের রক্ষা করতে এ সংক্রান্ত আইন আবার সংশোধন করছে সরকার। নতুন আইনের খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদনও পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা থেকে সমবায় সমিতির সদস্যদের রক্ষা করতে এ সংক্রান্ত আইন আবার সংশোধন করছে সরকার। নতুন আইনের খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদনও পেয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সমবায় সমিতি (সংশোধন) আইন-২০১১ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ২০০১ সালে সমবায় সমিতি আইনটি করার পর ২০০২ সালে তা একবার সংশোধন করা হয়। তবে বিদ্যমান আইনেও দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয় বলে তা সংশোধন করা হচ্ছে। সংশোধিত আইনে সমবায় সমিতির নিবন্ধন, নিবন্ধন বাতিলের ব্যবস্থা এবং সমবায় সমিতির সদস্যরা যেন প্রতারিত না হয়- সে জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী চলতি বছরের ১৬ থেকে ১৯ জানুয়ারি আমিরাত সফর করেন। ওই সফরে দ্বি-পাক্ষিক আলোচনার পাশাপাশি দুটি চুক্তি এবং দুই দেশের বণিক সমিতির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ইতালিতে অনুষ্ঠিত কমিটি অফ ফিশারিজের ২৯তম সভায় তার অংশগ্রহণ এবং আলোচনার বিষয়গুলো জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬১৬ ঘ.