পাবনা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানায় সোমবার ভোরে এক অভিযানে তিন চরমপন্থীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
তারা হলেন- আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলাম (৪২), সাইদুর রহমান (৩২) ও আলতাফ হোসেন (২৩)।
পুলিশ জানায়, তারা সবাই পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য।
আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতাইকুলা থানার কাশিনাথপুর গ্রামের একটি বিলের মধ্যে চরমপন্থী দলের সদস্যদের গোপন বৈঠকের খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, সাইদুর ও আলতাফের বিরুদ্ধে আতাইকুলা থানায় তিনটি করে মামলা ও শফিকুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫১৬ ঘ.
bdnews24