সুনামগঞ্জ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে এক সময়ে দুটি পক্ষ ইসলামী সমাবেশ আহ্বান করায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের রাতগাও গ্রামে সভা-সমাবেশ ও লোক সমাগম নিষিদ্ধ করে এ ১৪৪ ধারা জারি করা হয় বলে উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে।
রাতগাও প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় হজরত শাহ জালাল (রা.) ইসলামিক সোসাইটি সোমবার বিকাল সাড়ে ৪টায় ইসলামী সমাবেশ আহ্বান করে। একই সময়ে ওই স্থানে ফুলতলী পীরের সমর্থকরা এ সমাবেশের বিরোধিতা করে পাল্টা সমাবেশ করার ঘোষণা দেয়।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাতগাও ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি সাংবাদিকদের জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
হজরত শাহ জালাল ইসলামিক সোসাইটি'র সংগঠক আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা মুরব্বিদের অনুমতি নিয়েই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এর বিরোধিতা করে সমাবেশ ভণ্ডুল করে।
ফুলতলী পীরের সমর্থক ফখরুল ইসলাম জানান, ইসলামিক সোসাইটির বিতর্কিত সমাবেশ হলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতো, এজন্য আমরা এর বিরোধিতা করছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫১০ ঘ.
bdnews24