২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহান মণির নাবিকরা দেশে ফিরেছেন

জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি জাহান মণির নাবিকরা দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 06:20 AM

Updated : 12 Mar 2024, 09:19 PM

জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি জাহান মণির নাবিকরা দেশে ফিরেছেন।

ওমান এয়ারওয়েজের একটি ফ্লাইটে নাবিকরা ওমানের সালালা থেকে সোমবার বিকাল তিনটা ২৮ মিনিটে সরাসরি চট্টগ্রাম পৌঁছান।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মুক্ত নাবিকদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং নাবিকদের স্বজনরা।

এসময় ভিআইপি লাউঞ্জে এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়। মুক্ত নাবিকেরা লাউঞ্জে আসার পরপরই কেউ তাদের স্ত্রী, মা, বাবা, সন্তান, ভাই বা স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।

মৃত্যুর কবল থেকে বেঁচে আসা প্রিয়জনদের ফিরে পাওয়ায় তাদের চোখ থেকে গড়িয়ে পড়ছিল আনন্দাশ্রু।

ছিনতাইয়ের ১০০ দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে মুক্তির সাতদিন পর নাবিকরা দেশে ফিরলেন। গত ১৪ মার্চ সকাল ১০ টা ২৫ মিনিটে নাবিক এবং জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়।

গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগরে সোমালি জলদস্যুরা গ্রিসগামী বাংলাদেশি জাহাজ জাহান মণি ছিনতাই করে। নিকেলভর্তি এ জাহাজে ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রী ছিলেন।

জাহাজের মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের ব্রেভরয়েল শিপিং ম্যানেজম্যান্ট লিমিটেড।

অভ্যর্থনা শেষে পররাষ্ট্রমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রী সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করলেও মুক্তির প্রক্রিয়া এবং মুক্তিপণ বিষয়ে ষ্পষ্ট করে কিছু বলেন নি।

নাবিকদের স্বাগত জানানোর সময় পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবু, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমেদ এবং জাহাজের মালিক মোহাম্মদ শাজাহান ও ব্রেভরয়েল শিপিং ম্যানেজম্যান্ট লিমিটেড-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মুক্ত চট্টগ্রামের নাবিকরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিজেদের বাসায় চলে যান। অন্য জেলার নাবিক ও তাদের স্বজনদের নগরীর সেন্ট মার্টিন হোটেলে থাকার ব্যবস্থা করেছে জাহাজের মালিক প্রতিষ্ঠান।

'সবার সহযোগিতায় মুক্ত হলেন নাবিকরা'

পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি সাংবাদিকদের জানান, সরকার, মালিকপক্ষ, নাবিকদের পরিবার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যৌথ প্রচেষ্টায় নাবিকদের দ্রুততম সময়ে মুক্ত করে আনা সম্ভব হয়েছে।

জাহাজ ছিনতাইয়ের পর গত ১০০ দিনের প্রতিটি মুহূর্ত সরকার সার্বক্ষণিক নজরে রেখেছিল উল্লেখ করে দীপু মণি বলেন, "সবার সহযোগিতায় নাকিরা মুক্ত হয়ে ফিরে আসায় আমরা আনন্দিত।"

এজন্য আল্লাহর প্রতি তিনি শুকরিয়া জানান।

ওই সময়ের প্রতিটি মুহূর্ত নাবিকদের পরিবারের সদস্যদের দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে গেছে উল্লেখ করে দীপু মণি তাদের প্রতি কৃতজ্ঞতা ও সমবেদনা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রগামী মালবাহী ও যাত্রীবাহী জাহাজ যেন নিরাপদে চলতে পারে সেজন্য আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ যুক্ত হবে এবং প্রয়োজনীয় সবকিছু করবে।

মুক্তিপণের বিষয় নাকচ নৌমন্ত্রীর

সোমালীয় জলদস্যুদের কবল থেকে জাহান মণি'র নাবিকদের মুক্ত করতে মুক্তিপণ দেওয়ার বিয়টি নাকচ করলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "মুক্তিপণ দেওয়ার বিষয়টি আমার জানা নেই। সর্বপ্রকার প্রচেষ্টার মধ্য দিয়ে জাহাজ ও এর নাবিকরা মুক্ত হয়েছে।"

ভবিষ্যতে সমুদ্রগামী জাহাজে নিরাপত্তা প্রশ্নে নৌমন্ত্রী বলেন, মালিকপক্ষের দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে ব্রেভরয়েলের অপর একটি জাহাজ 'এমভি মা সালেহা'-তে সশস্ত্র নিরাপত্তা রক্ষী রাখার অনুমতি দেওয়া হয়েছে।

এতো অল্প সময়ে সোমালীয় জলদস্যুদের কবল থেকে কোনো জাহাজ ছাড়া পায়নি দাবি করে নৌমন্ত্রী বলেন, "এ অভিজ্ঞতা আমাদের জন্য নতুন। বাংলাদেশের কোনো জাহাজ এই প্রথম জলদস্যুদের কবলে পড়ল।"

পৃথিবীর বিভিন্ন দেশের ২৭৫ টি জাহাজ এ পর্যন্ত ছিনতাই হয়ে জলদস্যুদের কবলে আছে বলে জানান শাজাহান খান।

সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতে সম্ভাব্য সবকিছু করা হবে জানিয়ে নৌমন্ত্রী আরো বলেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)এর সেক্রেটারি জেনারেল ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছেন এবং তার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মুক্তি প্রক্রিয়া

গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগরে সোমালীয় জলদস্যুরা গ্রিসগামী বাংলাদেশী জাহাজ এমভি জাহান মণি ছিনতাই করে।

১১ ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে সোমালীয় জলদস্যুরা জাহাজটিকে উপকূলবর্তী গারাকাড নামক স্থানের কাছাকাছি নিয়ে যায়।

১৪ মার্চ জলদস্যুরা জাহাজ ও এর নাবিকদের ছেড়ে দেয়। ওইদিন সংবাদ সম্মেলন করে জাহাজ মালিক প্রতিষ্ঠান জলদস্যুদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা এবং নাবিকদের মুক্তির প্রক্রিয়া তুলে ধরেন।

ব্রেভরয়েল শিপিং এর মহাব্যবস্থাপক মেহেরুল করিম ওই সময় জানিয়েছিলেন, ছিনতাই হওয়ার পর গত বছরের ১২ ডিসেম্বর জলদস্যুরা তাদের সঙ্গে প্রথম যোগাযোগ করে। জাহাজের ক্যাপ্টেন ছাড়াও নাবিকদের সঙ্গেও কথা হয়। এরপর থেকে দস্যুদের সঙ্গে স্যাটেলাইট ফোনে প্রায় নিয়মিতই মুক্তি নিয়ে নানাপ্রকার আলোচনা শুরু হয়।

পরে এ বছরের ২২ ফেব্র"য়ারি দস্যুদের সঙ্গে দর কষাকষি (নেগোশিয়েশন) চূড়ান্ত হয় এবং ২৮ ফেব্র"য়ারি জলদস্যুদের প্রতিনিধিদের সঙ্গে মুক্তির বিষয়ে লিখিত চুক্তি হয়।