ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদমশুমারিতে বাদ পড়াদের গণনায় অন্তর্ভুক্ত হওয়ার এখনো সুযোগ রয়েছে। এজন্য নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার রাতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ব্যুরো কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে দু'এক দিনের মধ্যে যোগাযোগ করে বাদ পড়ারা গণনাভুক্ত হতে পারবেন।
কন্ট্রোল রুমের টেলিফোনে ৮১৮১৪২৪, ৯১১৫৪৯৫, ৯১১৬৩৭৮ এবং মোবাইল ফোনে ০১৮১৯২৫৬৪৬৮ ও ০১৮১৯২৫৯১৭৬ নম্বরে যোগাযোগ করে কোথায় কিভাবে গণনাভুক্ত হওয়া যাবে সে বিষয়ে তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।
এবার বাংলাদেশকে ১৩০টি শুমারি জেলায় ভাগ করে আদমশুমারি পরিচালিত হয়েছে। একজন করে শুমারি সমন্বয়কারী প্রত্যেক শুমারি জেলার কাজ তদারক করছেন, তারাই বাদ পড়াদের গণনাভুক্ত করবেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আগামি এক মাসের মধ্যে আদমশুমারি ও গৃহগণনার বিভিন্ন বিষয় যাচাই করে সুপারিশসহ প্রতিবেদন দেবে।
বিআইডিএস'র প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্তভাবে সমন্বয়ের সময় নতুন করে গণনাভুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক।
১৫ মার্চ রাত রাত ১২টা থেকে ১৯ মার্চ রাত ১২টা পর্যন্ত সারাদেশে আদমশুমারি ও গৃহগণনা হয়।
এবার মোট ২৫টি প্রশ্ন সম্বলিত শুমারির তথ্য সংগ্রহের ফরম নিয়ে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। এর মধ্যে খানা সংক্রান্ত ১১টি ও ব্যক্তি সংক্রান্ত ১৪টি প্রশ্ন ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১৪৬ ঘ.
bdnews24