ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনূসকে অব্যাহতি বিষয়ে সরকারের কিছু করার নেই বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে বাংলাদেশ।
রোববার পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আমার সঙ্গে আজ [রোববার] দেখা করেছেন।
"বিষয়টি [ইউনূসকে অব্যাহতি] নিয়ে তিনি আমার সঙ্গে আলোচনা করেছেন। তবে আমি বলেছি বিষয়টি আদালতে বিচারাধীন এবং সরকারের কিছু করার নেই।"
সফররত সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি রোববার দুপুরে মিজারুল কায়েরে সঙ্গে দেখা করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মিজারুল।
বেশি বয়সের কারণ দেখিয়ে গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর পরদিন মরিয়ার্টি বলেন, ইউনূসকে 'অপসারণের' প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র বিচলিত।
অব্যাহতি আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূস হাইকোর্টে একটি রিট আবেদন করেন ৩ মার্চ। একইদিন গ্রামীন ব্যাংকের ১২ পরিচালকের নয়জনও ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন।
রিট দুটি খারিজ হওয়ার পর ওই রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে গত ৯ মার্চ আবেদন করেন ইউনূস। আদেশ স্থগিত না করে গত ১৫ মার্চ ওই আপিলের শুনানি দু সপ্তাহের জন্য মুলতবি করে আপিল বিভাগ।
চারদিনের এক সফরে শনিবার বাংলাদেশে এসেছেন রবার্ট ও ব্লেক। ইতিমধ্যে তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
মিজারুল কায়েস বলেন, তারা ইউনূস ইস্যুতে 'বিকল্প সমাধানের' কিছু পরামর্শ দিয়েছেন। পরামর্শগুলো সংশ্লিষ্টদের পৌঁছে দিতেও অনুরোধ করেন তারা।
"যখন সুযোগ পাব তখন পরামর্শগুলো পৌঁছে দেব।"
মিজারুল জানান, বিষয়টি [ইউনূস অপসারণ] অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে নয়।
"সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলোচনার সময় সমঝোতা শব্দটি উল্লেখ করেননি।"
আলোচনার পর সংবাদ সম্মেলনে রবার্ট ও ব্লেক বলেন, সরকারকে ইউনূস ইস্যুতে 'সমঝোতা'র কথা বলেছেন তিনি।
মিজারুল বলেন, ইউনূস ইস্যুতে তার সরকারের আগ্রহ ও বিবেচনা রয়েছে বলে জানিয়েছেন ব্লেক।
"আমি বলেছি বিষয়টি আদালতে বিচারাধীন এবং এই মুহূর্তে কোনো মন্তব্য করা কঠিন।"
গত বছরের ডিসেম্বর মাসে নরওয়ের টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে গ্রামীণ ব্যাংক থেকে সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিপুল পরিমাণ তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠে।
ওই প্রামাণ্যচিত্রে বলা হয়, দারিদ্র্য দূর করার জন্য ভর্তুকি হিসেবে গ্রামীণ ব্যাংককে ১৯৯৬ সালে বিপুল পরিমাণ অর্থ দেয় ইউরোপের কয়েকটি দেশ। নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও জার্মানির দেওয়া ওই অর্থ থেকে ১০ কোটি ডলারেরও বেশি গ্রামীণ কল্যাণ নামে নিজের অন্য এক প্রতিষ্ঠানে সরিয়ে নেন ইউনূস।
দেশে ও বিদেশে এ নিয়ে আলোচনার ঝড় ওঠে ওই প্রামাণ্যচিত্র প্রচারের পর। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সরকারদলীয় কয়েকজন নেতা বিভিন্ন বিষয় নিয়ে ইউনূসের সমালোচনায় মুখর হন।
গ্রামীণ ব্যাংক বিষয়ে ওঠা অভিযোগ পর্যালোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কমিটি করেছে।
কিছুকিছু বিষয়ে দ্বিমত থাকলেও ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখনকার চেয়ে ভালো কখনো ছিলো না বলে দাবি করেন পররাষ্ট্র সচিব।
আলোচনায় কসোভোকে স্বীকৃতিতে দিতে ব্লেক অনুরোধ করেন বলে জানান মিজারুল কায়স।
মিজারুল ব্লেককে জানান, বিষয়টি বাংলাদেশ বিবেচনা করছে।
"এর মানে এই না যে আগামীকাল বাংলাদেশ কসোভোকে স্বীকৃতি দেবে, অথবা কখনোই দেবে না।"
তিনি জানান, তারা লিবিয়া ও জাপান পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৯২২ ঘ.
bdnews24