২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতা হত্যা, গ্রেপ্তার ৮

খুলনার তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ফকির হত্যায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার রাতে আটজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

খুলনা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান ফকির হত্যায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার রাতে আটজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- শাহেদ বিশ্বাস, বিকাশ সাহা, মকিম, তারিক মোল্লা, রওশন, সাদ্দাম, মুরাদ ও ফয়সাল। তেরখাদা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ওইদিনই প্রতিপক্ষের গুলিতে ইমরান ফকিরের মৃত্যু হয়। আহত হন চারজন। এ ঘটনায় এক চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শহীদুল ইসলামের একটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। ঘটনার পর থেকে শহীদুল পলাতক রয়েছেন। রোববার দুপুরে তেরখাদার ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা হয়। এরপর ইমরানের লাশ দাফন করা হয়। লাশ দাফনের পর ছাত্রলীগ সমর্থকরা স্থানীয় টিএন্ডটি কার্যালয়ের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। তেরখাদা থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে হত্যায় জড়িত সন্দেহে এই আটজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে তিনি জানান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ও আওয়ামী লীগ সমর্থক অপর প্রার্থী ফকির অহিদুজ্জামানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩৭ ঘ.