রাজশাহী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়ায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দেওয়ায় খোন্দকার দেলোয়ার হোসেনের আত্মার শান্তি চেয়ে স্থানীয় বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল পণ্ড হয়ে গেছে।
ওই স্থানে একই সময়ে আওয়ামী লীগ আলোচনা সভা আহ্বান করায় সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গত বুধবার মারা যান। তার জন্য রোববার বেলা ৩টায় পুঠিয়ার শিবপুরে ইক্ষু ক্রয় কেন্দ্রের মাঠে মিলাদের আয়োজন করে স্থানীয় বিএনপি।
একই স্থানে পরে স্থানীয় আওয়ামী লীগও আলোচনা সভা আহ্বান করে।
পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘাত এড়াতে শিবপুর এলাকায় দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম তারেক।
সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24