২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূস ইস্যুতে 'সমঝোতার' আশা যুক্তরাষ্ট্রের

সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বলেছেন, ইউনূসকে অব্যাহতি ইস্যুতে 'সমঝোতা' হবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বলেছেন, ইউনূসকে অব্যাহতি ইস্যুতে 'সমঝোতা' হবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র। ব্লেক রোববার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর [শেখ হাসিনা] সঙ্গে ড. ইউনূস প্রসঙ্গে কথা বলেছি। "তাকে জানিয়েছি একটা সমঝোতা সম্ভব বলে যুক্তরাষ্ট্র আশাবাদী; যে সমঝোতা গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা ও দৃঢ়তা নিশ্চিত করবে।" পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ব্লেক। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্লেক। বেশি বয়সের কারণ দেখিয়ে গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর পরদিন মরিয়ার্টি বলেন, ইউনূসকে 'অপসারণের' প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র বিচলিত। অব্যাহতি আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূস হাইকোর্টে একটি রিট আবেদন করেন ৩ মার্চ। একইদিন গ্রামীণ ব্যাংকের ১২ পরিচালকের নয়জনও ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন। রিট দুটি খারিজ হওয়ার পর ওই রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে গত ৯ মার্চ আবেদন করেন ইউনূস। আদেশ স্থগিত না করে গত ১৫ মার্চ ওই আপিলের শুনানি দু সপ্তাহের জন্য মুলতবি করে আপিল বিভাগ। চারদিনের এক সফরে শনিবার বাংলাদেশে এসেছেন রবার্ট ও ব্লেক। ইতিমধ্যে তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। খালেদার সঙ্গে সাক্ষাতের পর ব্লেক বলেছিলেন, নোবেল বিজয়ী ইউনূসের বিষয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে উদ্বিগ্ন। আশা করি- পারস্পরিক আলোচনার মাধ্যমে সরকার বিষয়টির একটি সম্মানজনক সমাধান করবে। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে ব্লেক বলেন, তাদের [সরকারের] অবস্থান সম্পর্কে জানানোর বিষয়টি আমি প্রধানন্ত্রীর ওপরই ছেড়ে দিচ্ছি। সমঝোতার একটা সুযোগ আছে। "এ ধরনের একটি সমঝোতা হলে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন অব্যাহত রাখতে পারব।" প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ব্লেক বলেন, তার প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নিজে জানানোই ভালো। সংবাদ সম্মেলনে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র সরকার কি 'সমঝোতা' চায়- এ প্রশ্ন জিজ্ঞ্যেস করা হলে মরিয়ার্টি বলেন, হ্যা, সমঝোতা। গত বছরের ডিসেম্বর মাসে নরওয়ের টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে গ্রামীণ ব্যাংক থেকে সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিপুল পরিমাণ তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠে। ওই প্রামাণ্যচিত্রে বলা হয়, দারিদ্র্য দূর করার জন্য ভর্তুকি হিসেবে গ্রামীণ ব্যাংককে ১৯৯৬ সালে বিপুল পরিমাণ অর্থ দেয় ইউরোপের কয়েকটি দেশ। নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও জার্মানির দেওয়া ওই অর্থ থেকে ১০ কোটি ডলারেরও বেশি গ্রামীণ কল্যাণ নামে নিজের অন্য এক প্রতিষ্ঠানে সরিয়ে নেন ইউনূস। দেশে ও বিদেশে এ নিয়ে আলোচনার ঝড় ওঠে ওই প্রামাণ্যচিত্র প্রচারের পর। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সরকারদলীয় কয়েকজন নেতা বিভিন্ন বিষয় নিয়ে ইউনূসের সমালোচনায় মুখর হন। গ্রামীণ ব্যাংক বিষয়ে ওঠা অভিযোগ পর্যালোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কমিটি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৬০৪ ঘ.