সাভার, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে গাংচিল বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাতে নামাবাজারের পোড়াবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার রেজাউল ইসলাম আমিনবাজারের জিন্নত আলীর ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারেস সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে পোড়াবাড়ীর বংশী নদীর ঘাট থেকে গাংচিল বাহিনীর রেজাউলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চার রাউন্ড বন্দুকের ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
রেজাউলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.
bdnews24