২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশিরা লিবিয়ায় কাজ ফিরে পাবে'

পরিস্থিতি ভালো হলে লিবিয়া ফেরত বাংলাদেশিরা আবার পুরনো কোম্পানিতে কাজ নিয়ে ফিরতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

চাঁদপুর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিস্থিতি ভালো হলে লিবিয়া ফেরত বাংলাদেশিরা আবার পুরনো কোম্পানিতে কাজ নিয়ে ফিরতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। শনিবার বিকালে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মিয়ার বাজারে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "লিবিয়ায় যেসব কোম্পানিতে বাংলাদেশিরা কর্মরত ছিলেন, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে। সেখানকার রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের আবারো কাজের সুযোগ দেওয়া হবে বলে কোম্পানিগুলো জানিয়েছে।" এছাড়া প্রত্যাগতদের অন্য দেশে পাঠানোর জন্য সরকার কাজ করছে বলে মন্ত্রী জানান। মন্ত্রী বলেন, "লিবিয়ায় কর্মরত প্রায় ৬০ হাজার বাংলাদেশির মধ্যে শুক্রবার পর্যন্ত ২৯ হাজার ৫৩৭ জন দেশে ফিরেছেন।" লিবিয়া থেকে তিউনিসিয়ায় আশ্রয় নেওয়া আরো ৩ হাজার বাংলাদেশি কিছুদিনের মধ্যে ফিরবেন বলে জানান তিনি। চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দীপু মনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় গ্রিডে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। বছরখানেকের মধ্যে বিদ্যুৎ সংকটের পাশাপাশি গ্যাস সংকটও কাটিয়ে উঠবে সরকার। দ্রব্যমূল্য প্রসঙ্গে দীপু মনি বলে, "১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় চালের দাম ছিল ১০ টাকা কেজি। বিএনপি-জামায়াত জোট সরকার আসার পর তা ৪৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করে। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চালের দাম কমিয়ে ১৮ টাকা করা হয়। এখন সেই চাল ৩৩/৩৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর কারণ কম দামে চাল বিক্রি হলে কৃষক তার উৎপাদিত খরচ থেকে বঞ্চিত হয়।" চিকিৎসা সেবা কার্যক্রমে ডা. দীপু মনির সঙ্গে ছিলেন তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা বিএমএর সাবেক সভাপতি ডা. এস এম সহিদ উল্লাহ ও সিভিল সার্জন ডা. মো. শাহনেওয়াজ। শনিবার দিনভর দুই হাজারেরও বেশি লোককে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় এ কর্যক্রমের আওতায়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) প্রিয়তোষ সাহা, পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ওসমান গণি পাটওয়ারী প্রমুখ। অন্যদের মধ্যে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাদাত সরকার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/২০০৮ ঘ.