ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ দুইজন।
নিহত শিশুর নাম রাফি (১)। পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাফির মা আসমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি, তার স্বামী মিলন, ছেলে রাফি ও তার ফুফা মকবুল নারায়ণগঞ্জের রুপগঞ্জের পাড়াগাঁও থেকে অটোরিকশায় করে যাত্রাবাড়ি আসছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে তাদের অটোরিকশাকে একটি বাস ধাক্কা দেয়।
এতে রাফি, তার বাবা মিলন ও অটোরিকশার চালক আহত হয়।
রাফিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ডেমরা থানার ওসি নুরুল মুত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
মিলন ও অটোরিকশার চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/জেকে/১৭২৩ ঘ.
bdnews24