মানিকগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে মানিকগঞ্জে তার গ্রামের বাড়িতে পাবিরবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
বিকাল পৌনে ৪টায় মরহুমকে কবরে সমাহিত করা হয়।
এর আগে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ মাঠ, ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠ ও পাচুরিয়ায় হাইস্কুল মাঠে তিনটি জানাজা হয়।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মইন খান, যুগ্মসচিব আমানুল্লাহ আমান, সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মানিকগঞ্জের স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক স্বপনসহ সর্বস্তরের মানুষ এই নেতার জানাজায় অংশ নেন।
বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার।
বৃহস্পতিবার তার মরদেহ দেশে পৌঁছানোর পর দুদিনে সংসদ ভবন, হাইকোর্টসহ পাঁচটি স্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকায় সর্বশেষ জানাজা হয় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।
শুক্রবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দেলোয়ারের কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মরহুমের কফিনবাহী অ্যাম্বুলেন্স বারডেম হাসপাতাল থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
দেলোয়ারের গ্রামের বাড়ি পাচুরিয়া হাইস্কুল মাঠে সর্বশেষ জানাজার পর মরহুমে গ্রামের বাড়িতে কিছু সময় তার কফিন রাখা হয়। সেখানে গ্রামবাসী তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
বিকেল চারটার দিকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় খোন্দকার দেলোয়ারকে।
মরহুমের ছেলে-মেয়ে, স্বজনসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে বিএনপি ও দলের চেয়ারপারসনের পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রয়াত মহাসচিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/জেকে/১৬১৯ ঘ.
bdnews24