কিশোরগঞ্জ, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর বাজারে আগুনে দুটি বিপণিবিতানের ২০টি দোকান পুড়ে গেছে।
এলাকাবাসী জানিয়েছে, শনিবার ভোরের দিকে বাজারের একটি দোকানে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বাজারের শিকদার মার্কেট ও হাই মার্কেট দুটির ২০টি দোকান পুড়ে যায়।
প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় স্থানীয়রা।
দোকান মালিকদের দাবি, আগুনে তাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মিঠামইন সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী চৌধুরী জানান, প্রত্যন্ত হাওর উপজেলা মিঠামইনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৪৩৪ ঘ.
bdnews24