খুলনা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে গোলাগুলিতে খুলনার তেরখাদা উপজেলায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার সকালে নির্বাচনী প্রচারণা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি শুরু হলে এ ঘটনা ঘটে। এসময় আরো চারজন আহত হয়।
নিহত ইমরান ফকির (৩২) তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইউপি নির্বাচনের প্রার্থী আওয়ামী লীগ সদস্য অহিদুজ্জামান ফকিরের চাচাতো ভাই।
আহতদের মধ্যে ইমরানের বড় ভাই সাহেব আলী ফকির (২৮) ও মাহবুবকে (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
অপর প্রার্থী শেখ শহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আগামী ২৯ মার্চ এ এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অহিদুজ্জামানের সমর্থকরা নির্বাচনী প্রচার চালাতে সকাল সাড়ে ১০টার দিকে তেরখাদা বাজার এলাকায় সমবেত হয়।
এ সময় শহিদুল ইসলামের সমর্থকরাও সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হন ইমরান।
আহত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ইমরান মারা গেছেন।
উপজেলা চেয়ারম্যান বাচ্চু অভিযোগ করেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিনের নির্দেশে শেখ শহীদুল ইসলাম ও তার সহযোগীরা অহিদুজ্জামানের কর্মী সমর্থকদের ওপর গুলি চালায়।
মোল্লা জালাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, "এটা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা ও সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর সাজানো নাটক। আমি কাউকে কোনো নির্দেশ দেইনি।"
তারা অতীতেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন ধরেননি।
তেরখাদা থানার ওসি মো. আশরাফুজ্জামান খান জানান, দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ রাউন্ড গুলি চালানো হয়।
খুলনা জেলা পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) তানভীর হায়দার চৌধুরী বলেন, "আগের বিরোধ থেকেই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাদের সহিংসতায় ছাত্রলীগ নেতা ইমরান নিহত হয়েছে।"
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমইউএস/জেকে/১৯১০ ঘ.
bdnews24