ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) সংসদে যোগ দেওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সালাউদ্দিন চৌধুরী সংসদে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। বিএনপির পক্ষ থেকেও চিঠি দেওয়া হয়েছে।"
সালাহউদ্দিন কাদের চৌধুরী মুক্তি পরিষদের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংসদে যোগ দেওয়া সালাউদ্দিন কাদেরের সাংবিধানিক অধিকার উল্লেখ করে ফারহাত বলেন, "কিন্তু এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি।"
৭৪ কার্যদিবস টানা অনুপস্থিতির পর খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দল গত সোমবার সংসদে যোগ দেয়। গত সোমবার পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুপস্থিতি ছিল ৭৫ কার্যদিবস।
গত ১৬ ডিসেম্বর বনানী থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক রয়েছেন তিনি।
মুক্তি পরিষদের সভাপতি রহুল আমিন শেলী অভিযোগ করেন, "সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা অভিযোগে আটক করে নির্যাতন করা হয়েছে। ৩৯ বছর আগের মিমাংসিত ঘটনায় তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা ও কাল্পনিক মামলা দেওয়া হয়েছে। এটা সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড।"
মুক্তি পরিষদের পক্ষ থেকে অবিলম্বে সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন কাদের চৌধুরীর মেয়ে ফারজিন কাদের চৌধুরী, আইনজীবী ফখরুল ইসলাম, আহসান হাবিব ও পারভেজ আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জেকে/১৩০৪ ঘ.
bdnews24