২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহান মণি: মুক্ত ২৬ বাংলাদেশি সালালা বন্দরে

জিম্মিদশা থেকে মুক্ত ২৬ বাংলাদেশিকে নিয়ে ওমানের সালালা বন্দরে পৌঁছেছে এমভি জাহান মণি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 06:04 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্মিদশা থেকে মুক্ত ২৬ বাংলাদেশিকে নিয়ে ওমানের সালালা বন্দরে পৌঁছেছে এমভি জাহান মণি। শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে জাহাজটি ওই বন্দরে পৌঁছায়। জাহান মণির মালিকানা প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মেহেরুল করিম ওমান থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দেন। মুক্ত বাংলাদেশিরা আগামী মঙ্গলবার ওমান থেকে বিমানে সরাসরি চট্টগ্রামে ফিরবেন বলে জানান তিনি। গত ৫ ডিসেম্বর আরব সাগরে ২৬ বাংলাদেশিসহ গ্রিসগামী জাহান মণি ছিনতাই করে সোমালীয় জলদস্যুরা। এরপর গত ১৪ মার্চ তাদের মুক্তি দেওয়া হয়। মেহেরুল করিম জানান, সালালা বন্দরে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে স্থানীয় একটি হোটেলে বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ওই হোটেলেই রাতে ভোজের আয়োজন করেছে ওমানে বাংলাদেশের দূতাবাস। জিম্মিদশা থেকে মুক্ত ২৬ জনই সুস্থ আছেন বলে জানান তিনি। নতুন নিয়োগপ্রাপ্ত ২৬ জন নাবিক ওমান থেকে জাহান মণিকে গ্রিসে নিয়ে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/এমইউএস/জেকে/১৪১০ ঘ.