২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার পরিকল্পনায় লন্ডনে বাংলাদেশির ৩০ বছর কারাদণ্ড

আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনার অভিযোগে ব্রিটেনে রাজিব করিম (৩০) নামে এক বাংলাদেশিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 05:27 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

লন্ডন, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনার অভিযোগে ব্রিটেনে রাজিব করিম (৩০) নামে এক বাংলাদেশিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

উলউইচ ক্রাউন কোর্টের বিচারক ক্যালভার্ট স্মিথ বৃহস্পতিবার এই রায় দেন।

গত বছর ফেব্র"য়ারি মাসে উত্তর ইংল্যান্ডের নিউক্যাসেল থেকে রাজীব করিমকে গ্রেপ্তার করে সে দেশের পুলিশ। তিনি ব্রিটিশ এয়ারওয়েজের একটি কল সেন্টারে কর্মরত ছিলেন।

বিচারক তার রায়ে বলেন, রাজিব করিম নাশকতা ঘটাতেই বাংলাদেশ থেকে ব্রিটেনে এসেছিলেন। তিনি এমন চাকরি খুঁজছিলেন, যাতে সহজেই বড় পরিসরে হামলার সুযোগ তৈরি করা যায়। আইন অনুযায়ী ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার প্রায় সব প্রক্রিয়াও তিনি সম্পন্ন করেছিলেন।

বিচারক বলেন, রাজিবের কম্পিউটারে সংরক্ষিত বিমানে বোমা হামলা পরিকল্পনার সাংকেতিক বার্তা পাওয়া গেছে, তা 'খুবই গুরুত্বপূর্ণ'।

ব্রিটিশ এয়ারওয়েজের আইটি বিভাগের কর্মী রাজিব এ হামলা পরিকল্পনার সঙ্গে কাজ করলেও তিনি ওই পরিকল্পানার মূল হোতা নন বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

রাজীব করিম ২০০৬ সালে যুক্তরাজ্যে গিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের নিউক্যাসল অফিসে চাকির নেন।

গত বছর তাকে গ্রেপ্তারের পর চলতি বছর ১ ফেব্র"য়ারি উলউইচ ক্রাউন কোর্টে হাজির করে তার বিরুদ্ধে এ মামলার শুনানি শুরু হয়।

অভিযোগে বলা হয়, ইয়েমেনের উগ্রপন্থী মুসলিম নেতা আনওয়ার আল আওলাকির ভক্ত রাজীব যুক্তরাষ্ট্রগামী একটি উড়োজাহাজ বোমা ফাটিয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। এর অংশ হিসাবে ইমেলের মাধ্যমে আনওয়ার আওলাকিকে ব্রিটিশ এয়ারওয়েজের বিভিন্ন তথ্য দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/আরএম/জেকে/ ঘ.