ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগ ও শাহবাগ এলাকা থেকে শুক্রবার দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ছাদ থেকে পড়ে খিলক্ষেতে মারা গেছেন এক যুবক।
শুক্রবার সকাল ১০টার দিকে সবুজবাগ থানা পুলিশ দক্ষিণ রাজারবাগের একটি খাল থেকে যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করে। তবে তার পরিচয় জানা যায়নি।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বয়স আনুমানিক ত্রিশের মতো হবে। পরনে ছিলো কালো ফুলশার্ট ও কালো প্যান্ট।
সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার রাসমনো হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রমনা থানার এসআই আব্দুর রউফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার ভোরে দুই ব্যক্তি একটি অ্যাম্বুলেন্সে করে ওই তরুণীকে হাসপাতালে (আইসিইউতে) রেখে কৌশলে পালিয়ে যায়।
এছাড়া খিলক্ষেতের একটি ভবন থেকে পড়ে সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবক মারা যান। গুরুতর আহত অবস্থায় সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢামেক ফাঁড়ির এসআই মোজাম্মেল হক।
তিনটি মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৪৭ ঘ.
bdnews24